Type Here to Get Search Results !

আম কুড়াতে গিয়ে বোমা বিস্ফোরণ, মালদায় রক্তাক্ত ৩ শিশু; এক পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক

 

মালদার ইংলিশবাজারে আম কুড়াতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত তিন শিশু

মালদার ইংলিশবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাহান্ন বিঘা এলাকায় আম কুড়াতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত হল তিন শিশু। রবিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আহতদের মধ্যে সপ্তম শ্রেণির এক পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের তিন শিশু বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরের একটি আমবাগানে আম কুড়াতে গিয়েছিল। সেই সময় আমের মতো দেখতে একটি বস্তু দেখতে পেয়ে সেটিকে ব্যাগে ভরার চেষ্টা করে তারা। অভিযোগ, সেটি আসলে একটি তাজা বোমা ছিল। ব্যাগে তোলার সময়ই আচমকা বিস্ফোরণ ঘটে এবং তিন শিশু গুরুতর জখম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। এক স্থানীয় বাসিন্দা বলেন, “সকালে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বড় শব্দ শুনে দেখি ধোঁয়া বের হচ্ছে। কিছুক্ষণ পর তিনটি শিশুকে আহত অবস্থায় দৌড়ে যেতে দেখি। একজনের হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

এলাকাবাসীদের অভিযোগ, ওই আমবাগানে দীর্ঘদিন ধরে জুয়া ও বিভিন্ন বেআইনি কার্যকলাপ চলত। তাদের দাবি, কে বা কারা সেখানে বোমা মজুত করে রেখেছিল, তার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইংলিশবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে একটি তাসের বান্ডিল ও দেশলাই উদ্ধার হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বোমাটি সেখানে কীভাবে এল, তার খোঁজে নেমেছেন তদন্তকারীরা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side