সানু ইসলাম, মালদা:- রাজ্যে অবৈধ কাজের বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জিরো টলারেন্স নীতির কথা ঘোষণা হলেও মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বৈরাট গ্রামে প্রকাশ্যে চলছিল অবৈধ মাটিকাটার কাজ—এমনই অভিযোগ উঠেছে স্থানীয়দের তরফে।
অভিযোগ, কালীমন্দির সংলগ্ন এলাকায় গভীর পুকুর খননের নামে জেসিবি ও একাধিক ট্রাক্টর ব্যবহার করে মাটি কেটে তা ইটভাটায় বিক্রি করা হচ্ছিল। স্থানীয়দের দাবি, বেশ কয়েকটি ট্রাক্টরে নম্বর প্লেট ছিল না এবং রাস্তায় মাটি পড়ে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যার সৃষ্টি হচ্ছিল।
সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ, ১২-১৩ বছরের নাবালকদের দিয়েই ট্রাক্টর চালানো হচ্ছিল। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে বলে দাবি গ্রামবাসীদের। প্রতিবাদ করলে হুমকির মুখেও পড়তে হয়েছে বলে অভিযোগ।
ক্ষুব্ধ এলাকাবাসীরা শেষমেশ একজোট হয়ে মাটিকাটার কাজ বন্ধ করে দেন এবং জেসিবি ও ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশের উপস্থিতির আগেই কয়েকজন চালক পালিয়ে যায় বলে জানা গিয়েছে। একটি ট্রাক্টর আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লাগাতার মাটি কাটার ফলে বড় গর্ত তৈরি হয়েছে এবং আশেপাশের জমি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসন জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
