উড়িষ্যায় কাজে গিয়ে টাওয়ার থেকে পড়ে মৃত্যু পরিযায়ী শ্রমিক যুবকের,দুই নাবালিকা কন্যাকে নিয়ে অসহায় পরিস্থিতিতে স্ত্রী, তৃণমূল নেতা গরিবের বন্ধু মতিউর রহমানের কাছে সাহায্যের কাতর আর্জি, ঘটনা সামনে আসতেই কর্মসংস্থান নিয়ে তৃণমূলকে খোঁচা বিজেপির
মালদা: উড়িষ্যায় কাজে গিয়ে টাওয়ার থেকে পড়ে মৃত্যু হয় মালদার মালতিপুর বিধানসভার শিমুলতলা এলাকার পরিযায়ী শ্রমিক যুবক মাসরেকুল আলমের। রোজগেরে সদস্যের আকস্মিক মৃত্যুতে অসহায় পরিস্থিতিতে তার স্ত্রী এবং পরিবার। তৃণমূল নেতা গরিবের বন্ধু নামে পরিচিত মতিউর রহমানের কাছে সাহায্যের কাতর আর্জি। এলাকায় কর্মসংস্থান দিতে না পেরে শ্রমিকদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তৃণমূল কটাক্ষ বিজেপির।
ঠিকাদারি সংস্থার অধীনে উড়িষ্যায় টাওয়ারের কাজ করতে গেছিল মাসরেকুল। এলাকায় কাজ নেই অভাবী পরিবার। বাড়িতে রয়েছে স্ত্রী এবং দুই নাবালিকা কন্যা। তাদের মুখে খাবার তুলে দিতেই অর্থ উপার্জনের জন্য ভিন রাজ্যে গেছিল সে। কিন্তু নিয়তির পরিহাসে গত মাসে কাজ করতে গিয়ে টাওয়ার থেকে পড়ে তার মৃত্যু হয়।এই পরিস্থিতিতে অথই জলে তার স্ত্রী সেকা খাতুন। কি ভাবে দিন গুজরান হবে। ছোট ছোট দুই মেয়েকে নিয়ে কি করবেন। ভেবে পাচ্ছেন না। তৃণমূল নেতা মতিউর রহমান তৃণমূলে যোগ দেওয়ার আগেই ব্যক্তিগত ভাবে ঘোষণা করে ছিলেন চাঁচল মহকুমার কোন শ্রমিকের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলে ১ লক্ষ টাকা দেবেন পরিবারকে। তাই তার কাছে সাহায্যের কাতর আর্জি জানিয়েছেন মৃত শ্রমিকের স্ত্রী এবং পরিবারের লোকেরা। তিনি পরিবারের সঙ্গে দেখা করে সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন মতিউর। যদিও বিজেপির অভিযোগ শ্রমিকদের এই দুর্দশার জন্য সম্পূর্ণ দায়ী তৃণমূল। তারা এলাকায় কর্মসংস্থান দিতে ব্যর্থ।


