দক্ষিণ দিনাজপুরের Buniadpur-এ জমি কেন্দ্রিক তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন প্রাক্তন পৌর প্রশাসক কমল সরকার। বৃহস্পতিবার সকালে Banshihari Police তাঁকে গ্রেপ্তার করে।
সূত্রে জানা গিয়েছে, বুনিয়াদপুর পৌর শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উপেন্দ্রনাথ সরকারের লিখিত অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি। অভিযোগ, কয়েক বছর আগে এফসিআই গোডাউন সংলগ্ন ৬৯ শতক জমি কেনাবেচার সময় কিছু জমি মাফিয়া তাঁর কাছে ২৫ লক্ষ টাকা তোলা দাবি করে। টাকা না দেওয়ায় প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
অভিযোগকারী দাবি করেছেন, ভয় দেখিয়ে এবং চাপ সৃষ্টি করে প্রায় সাড়ে ১৪ লক্ষ টাকা আদায় করা হয়। পাশাপাশি বিষয়টি “মিটিয়ে দেওয়ার” নাম করে তৎকালীন পৌর প্রশাসক কমল সরকারও নগদ লক্ষাধিক টাকা নেন বলে অভিযোগ উঠেছে।
রাজ্যে সরকার পরিবর্তনের পর বুধবার এই নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতেই বৃহস্পতিবার সকালে কমল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন তাঁকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় এবং ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। ঘটনাকে কেন্দ্র করে বুনিয়াদপুরের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
