কলকাতার পার্ক সার্কাসে রবিবারের অশান্তির পর সোমবার কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী Shuvendu Adhikari। আন্দোলনের নামে পুলিশকে লক্ষ্য করে হামলা, ইটবৃষ্টি বা আইনশৃঙ্খলা ভাঙার ঘটনা আর বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। ইতিমধ্যেই ঘটনায় ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
কী ঘটেছিল পার্ক সার্কাসে?
রবিবার রাজ্য সরকারের বুলডোজ়ার অভিযানের প্রতিবাদে পার্ক সার্কাস এলাকায় বিক্ষোভে সামিল হন কয়েকশো মানুষ। পুলিশ সূত্রে দাবি, রাস্তা খালি করার নির্দেশ দেওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় ইটবৃষ্টি ও ভাঙচুর। ক্ষতিগ্রস্ত হয় কেন্দ্রীয় বাহিনীর গাড়িও।
অন্যদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ প্রথমে লাঠিচার্জ করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। পরে বিশাল পুলিশ বাহিনী নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
ডিসি অফিসে মুখ্যমন্ত্রী
সোমবার দুপুরে পার্ক সার্কাসের ডিসি অফিসে যান মুখ্যমন্ত্রী। সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি এবং আহত পুলিশকর্মীদের খোঁজখবর নেন।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,
“কাশ্মীরে, শ্রীনগরে পুলিশকে পাথর ছোড়া বন্ধ হয়েছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গ তথা কলকাতাতেও এবার তা বন্ধ হবে।”
তিনি আরও জানান, তাঁর সরকারের আমলে পুলিশের উপর এ ধরনের হামলা এই প্রথম এবং ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
