দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের ১৫৫ নম্বর বুথ নানাহারপাড়া ও পেত্নীদিঘী এলাকার তৃণমূল কংগ্রেস সমর্থকদের নিয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে একটি আইনি পরামর্শ শিবির অনুষ্ঠিত হয়। সেখানে আইনজীবী শাহাজাহান আলী ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ মানুষকে আইনি পরামর্শ দেন।
অভিযোগ, ওই এলাকার বহু জীবিত মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এই সমস্যা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর কাছে পরামর্শ নেন। আইনজীবী শাহাজাহান আলী জানান, যাদের নাম ভুলবশত তালিকা থেকে বাদ গেছে তারা নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করলে পুনরায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে।
এদিনের এই আইনি পরামর্শ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোলাম ইয়াসধানী সহ এলাকার আরও অনেকে। সাধারণ মানুষের ভোটাধিকার সুরক্ষিত রাখতে এবং সঠিক আইনি পদক্ষেপ সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।


