Type Here to Get Search Results !


 

উকলিয়ায় বেহাল রাস্তার প্রতিবাদে কুশমন্ডি–কালিয়াগঞ্জ রাজ্য সড়ক অবরোধ, ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের


 

দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের আকচা গ্রাম পঞ্চায়েতের উকলিয়া গ্রামের বেহাল রাস্তার প্রতিবাদে সোমবার বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। দীর্ঘ প্রায় ১০ বছর ধরে উকলিয়া গ্রামের প্রায় ৫০০ মিটার রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। নিত্যদিনই ওই রাস্তায় দুর্ঘটনা ঘটছে বলে জানান গ্রামবাসীরা।

এই সমস্যার প্রতিবাদে সোমবার গ্রামবাসীরা কুশমন্ডি–কালিয়াগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। প্রায় ১৫ মিনিট ধরে চলে এই অবরোধ, যার ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

এক বিক্ষোভকারী জানান, কুশমন্ডি পেট্রোল পাম্প থেকে উকলিয়া পর্যন্ত প্রায় ৫০০ মিটার রাস্তার কাজের জন্য ঠিকাদার উদ্বোধন করলেও এখনও পর্যন্ত কাজ শুরু হয়নি। বারবার প্রশাসনের কাছে জানানো হলেও কোনও সুরাহা না হওয়ায় বাধ্য হয়েই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে হয়েছে বলে দাবি তাঁদের।

ঘটনার খবর পেয়ে কুশমন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেয়।

গ্রামবাসীদের হুঁশিয়ারি, ভোটের আগে যদি রাস্তার কাজ শুরু না হয়, তবে আসন্ন কুশমন্ডি বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করবেন তাঁরা। এদিকে বিষয়টি নিয়ে কুশমন্ডি ব্লক প্রশাসনকে জানানো হলে ব্লকের বিডিও পুরো ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side