২৬শে বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা মঙ্গলবার প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিম তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুর জেলার ৪২ নম্বর হরিরামপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল পুনরায় প্রার্থী করেছেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র কে। দীর্ঘদিনের বর্ষিয়ান এই নেতার উপরেই ভরসা রেখেছেন ঘাস ফুল শিবির। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন হরিরামপুর বিধানসভার তৃণমূল নেতৃত্ব এবং কর্মীরা।
বুনিয়াদপুর পৌর এলাকায় প্রার্থীর সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় তৃণমূলের পক্ষ থেকে। এই বিধানসভা কেন্দ্রের জন্য গতকাল প্রার্থীর নাম ঘোষণা করেছে বামফ্রন্ট এবং বিজেপি। আমরা গত কালকেই বলেছিলাম যে, হরিরামপুর বিধানসভা কেন্দ্রে ঘাসফুল শিবিরের পুনরায় প্রার্থী হতে চলেছেন বিপ্লব মিত্র।
এদিন সন্ধ্যায় বুনিয়াদপুর শহরে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। গোটা শহর মেতে ওঠে তৃণমূলের দলীয় স্লোগান।
উল্লেখ্য গত ২১-এর বিধানসভা ভোটে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী নীলাঞ্জন রায়-কে ২২,৬৭২ ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন বিপ্লব মিত্র। তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র মোট ভোট পেয়েছিলেন ৯৬,১৩১ টি। শেষ লোকসভা ভোটের নিরিখেও এই বিধানসভা কেন্দ্রে এগিয়ে ঘাস ফুল শিবির। তবে জেলার রাজনৈতিক বিশ্লেষকদের মতে ২৬ এর বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে হরিরামপুর কেন্দ্রে।


