দক্ষিণ দিনাজপুর জেলার রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই। আগামী ২৩শে এপ্রিল প্রথম দফার ভোটে ৩৭ নম্বর বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনকে সামনে রেখে কুশমন্ডি ব্লকের করঞ্জি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকেরা রাতদিন এক করে দেওয়াল লিখনের কাজে ব্যস্ত। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও গ্রামে দলের প্রতীক এবং স্লোগান আঁকা হচ্ছে।
কুশমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কৃষি কর্মাধ্যক্ষ রেজার আব্বাস জানান, “নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই আমরা সংগঠনকে শক্তিশালী করতে মাঠে নেমেছি। দেওয়াল লিখনের মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রার্থী ঘোষণা হলে প্রচার আরও জোরদার হবে।”
রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই প্রচারের তৎপরতা বাড়ছে। তৃণমূল কংগ্রেসের এই দেওয়াল লিখন এলাকায় নির্বাচনী লড়াইয়ের প্রাথমিক ইঙ্গিত স্পষ্ট করেছে। যদিও এখনও পর্যন্ত এই কেন্দ্রে দলের প্রার্থী কে হবেন তা ঘোষণা হয়নি, তবুও প্রচারে কোনও ঘাটতি রাখতে চাইছে না ঘাসফুল শিবির।


