জাতীয় নির্বাচন কমিশন সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণা করল। আগামী ২৭শে ফেব্রুয়ারি উপনির্বাচন হবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বিধানসভা কেন্দ্রে। সুব্রত সাহা ২০২১-এ সাগরদিঘি থেকে জিতেছিলেন। তিনি বর্তমান রাজ্যে সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ছিলেন। গত বছর ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়৷ তার জেরেই সাগরদিঘি বিধানসভায় উপনির্বাচন হবে।
সুব্রত সাহা হৃদরোগে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ছাত্র নেতা হিসাবে তাঁর রাজনীতিতে হাতেখড়ি। জলঙ্গি বিধানসভা থেকে দু'বার কংগ্রেসের প্রতীকে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, যদিও তিনি পরাজিত হন। প্রয়াত কংগ্রেস নেতা গনি খান চৌধুরীর খুব কাছের মানুষ ছিলেন তিনি। একবার বহরমপুর পুরসভার কমিশনার হিসেবে নির্বাচিত হয়েছিলেন। একসময় সুব্রত সাহা মুর্শিদাবাদ জেলার তৃনমূল সভাপতি ছিলেন। তিনি প্রথম ২০১১ সালে তৃণমূলের প্রতীকে সাগরদিঘি থেকে একমাত্র বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি সাগরদিঘি থেকে তিনবারের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।
তাঁর মৃত্যুর জেরেই এই কেন্দ্রে উপনির্বাচন হবে৷ অন্যদিকে দু' দফায় আগামী ১৬ এবং ২৭ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হবে। অন্যদিকে ২৭শে ফেব্রুয়ারি মেঘালয় এবং নাগাল্য়ান্ডে নির্বাচন হবে। এ দিন জাতীয় নির্বাচন কমিশন উত্তর পূর্বের তিন রাজ্যে ভোটের দিন ঘোষণা করল। এই তিন রাজ্যে মোট ৬০টি করে বিধানসভা আসন রয়েছে। আর ২রা মার্চ তিন রাজ্যেই ভোটের ফল ঘোষণা হবে।