দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে বড় রাজনৈতিক পরিবর্তনের ছবি সামনে এল। সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দিল গ্রাম পঞ্চায়েত সদস্যসহ প্রায় ৯০টি পরিবার। এই ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের বাসইল সংসদ এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করে সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য মোস্তাক হোসেন সহ প্রায় ৯০টি পরিবার।
শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে কুশমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি করিমুল ইসলামের হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলীয় পতাকা তুলে দিয়ে নবাগতদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা অম্বরিশ সরকার, মরিয়ম মার্ডি, নকুল রায়, নজরুল ইসলাম, আইনুল হক, আব্দুল আজিজ, মোতালেব আহাম্মেদ সহ এলাকার একাধিক তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা।
তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্য সরকারের ধারাবাহিক উন্নয়নমূলক কাজ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কর্মসূচিতে অনুপ্রাণিত হয়েই ওই পরিবারগুলি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। নতুন যোগদানকারীরা জানান, এলাকার উন্নয়ন এবং মানুষের স্বার্থে তারা তৃণমূল কংগ্রেসের পতাকার তলায় এসে সামিল হয়েছেন।


