দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের আউট কলোনি এলাকায় মঙ্গলবার রাত্রে নিজের কর্মীর উপরে গুলি চালানোর অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় গুলিবিদ্ধ অই ব্যক্তি গুরুতর জখম অবস্থায় আইসিইউ-তে ভর্তি করা হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে আহত তৃণমূল কর্মীর নাম শিবা চৌধুরী ৷ অভিযোগের তীর গঙ্গারামপুর তৃণমূল টাউন নেতা বাবু চৌধুরী ও তাঁর দলবলের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে শিবা চৌধুরী নিজের বাড়ি ফিরছিলেন নিজের গাড়ি নিয়ে সেই সময় দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায় ৷ শিবাকে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ ৷ তবে আহত শিবা চৌধুরীর পরিবারের অভিযোগ, তৃণমূলের এসসি, এসটি ও ওবিসি সংগঠনের গঙ্গারামপুর টাউনের সভাপতি বাবু চৌধুরী গুলি চালিয়েছে ৷ এর পাশাপাশি আহত তৃণমূল কর্মীর ভাই বিপ্লব চৌধুরী অভিযোগ এই ঘটনায় মোট তিনজন জড়িত আছে।
ভোটের মুখে এই ঘটনা তৃণমূলের অভ্যন্তরীণ সমস্যা বৃদ্ধি করবে বলে মনে করছেন জেলার রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও তৃণমূল নেতৃত্বর দাবি পুলিশ প্রশাসন বিষয়টি দেখছে।


