দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের শতাধিক বর্ষ প্রাচীন বুড়াকালী মাতার মন্দিরে আজ, ৩রা মার্চ মঙ্গলবার, দোল পূর্ণিমার পবিত্র দিনে ভক্তদের ঢল উপচে পড়েছে। প্রতি বছরের মতো এবছরও ভোর থেকেই ভক্তরা বুড়াকালী মাতা, শীতলা মাতা ও ভোলেনাথ বাবার চরণে পুজো নিবেদন করেন। ধর্মীয় আবেগ ও উৎসাহে মন্দির প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।
ভক্তরা আবির নিবেদন করেন বুড়াকালী মাতাকে । শীতলা মাতা ও ভোলেনাথ বাবার মূর্তিতেও আবির দিয়ে পূজার্চনা করেন তাঁরা। মন্দির চত্বরে বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়, যেখানে ভক্তরা খিচুড়ি ও অন্যান্য প্রসাদ গ্রহণ করেন।
বুড়াকালী মাতার মন্দিরটি দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম প্রাচীন ধর্মস্থান। জনশ্রুতি অনুযায়ী, শতাব্দী প্রাচীন এই মন্দিরটি বহু তান্ত্রিক সাধনার কেন্দ্রস্থল ছিল। প্রতিবছর দোল পূর্ণিমা উপলক্ষ্যে এখানকার ধর্মীয় পরিবেশে ভক্তদের উপস্থিতি চমকপ্রদ হয়ে ওঠে। মন্দির কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ও শৃঙ্খলার ব্যবস্থা করা হয়।
দোল পূর্ণিমার দিনটি শুধুমাত্র ধর্মীয় নয়, সামাজিক বন্ধনকেও দৃঢ় করে তোলে। ভক্তরা একে অপরের সঙ্গে আবির খেলায় মেতে ওঠেন এবং আনন্দ ভাগ করে নেন। এমন উৎসবের দিনে বুড়াকালী মাতা ও অন্যান্য দেবতাদের আশীর্বাদ প্রার্থনা করে দক্ষিণ দিনাজপুরের মানুষ তাদের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে তুলছেন।
