দুর্গাপুর কালিয়াগঞ্জ রাজ্য সড়কে বেপরোয়া বাইকের ধাক্কায় মৃ'ত এক ব্যক্তি বুধবার গভীর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের কমলাই এলাকায় দুর্গাপুর কালিয়াগঞ্জ রাজ্য সড়কে। মৃতের নাম তপন বর্মন(৩৬)। বাড়ি কুকড়াকুন্ডা হলেও পরিবার নিয়ে কমলাই এলাকায় ভাড়া থাকতেন তপন। তিনি পেশায় মাংসের ব্যবসায়ী। বাড়িতে রয়েছে তপনের স্ত্রী ও দুই ছেলে।
জানা গিয়েছে, এদিন রাতে এক পরিচিতের বাড়ি থেকে হেঁটে নিজের বাড়িতে ফিরছিলেন তপন। হঠাৎ কমলাই এলাকায় কালিয়াগঞ্জ মুখী একটি বাইক বেপরোয়া গতিতে এসে তপনকে ধাক্কা মারে। দুর্ঘটনার ফলে বাইক চালক ও আরোহী সহ তপন রাস্তায় ছিটকে পড়েন। এরপর বাইক চালক ও আরোহী তপনকে হাসপাতালে ভর্তি না করে উল্টে তাঁরা তাঁদের বাইকটি রাস্তায় ফেলে ঘটনাস্থল থেক চম্পট দেয়। সেই সময়কার পুরো ঘটনা স্থানীয় এক দোকানের সিসি ক্যামেরায় ধরা পরেছে।
এরপর দুর্ঘটনার খবর পেয়ে ইটাহার থানার ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তপনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাতেই ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। কিন্তু চিকিৎসক তপনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের আত্মীয় ও পরিচিতদের দাবি বাইক চালক ও আরোহী হোলির রাতে মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিনোর ফলে এই ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে ইটাহার থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। পাশাপাশি পুলিশ ঘাতক বাইকটি আটক করেছে।


