বালুরঘাট, ১০ মার্চ: সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) পরিশোধের দাবিতে এবং পার্শ্ব শিক্ষক, ভোকেশনাল, আইসিটি ও এমএসকে শিক্ষকদের উপযুক্ত বেতন কাঠামোর দাবিতে আগামী ১৩ মার্চ শিক্ষক ও কর্মচারীদের ডাকা ধর্মঘটকে সর্বাত্মক সফল করার আহ্বান জানিয়ে আজ চারটি বামপন্থী শিক্ষক সংগঠন বালুরঘাটে মিছিল ও পথসভা আয়োজন করে।
পথসভায় আরও দাবি করা হয়, শিক্ষক-শিক্ষা কর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনা, ২০১৬ এসএসসি প্যানেলের যোগ্য শিক্ষকদের পুনর্বহাল, সপ্তম পে কমিশন অবিলম্বে চালু করা এবং সুপ্রিম কোর্টের রায়ের আগে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের টেট পরীক্ষার আওতাভুক্ত না করার বিষয়টি।
থানা মোড়ে আয়োজিত পথসভায় শিক্ষক সংগঠনের নেতারা সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, মহার্ঘ ভাতা বকেয়া রেখে সরকার শিক্ষক, শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারীদের প্রতি চরম বঞ্চনা করছে।
মিছিলে এবং সভায় সাধারণ মানুষ ও কর্মচারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। নেতারা ১৩ মার্চের ধর্মঘট সফল করার জন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।


