মালদা: রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের হরিশ্চন্দ্রপুর বিধানসভার নির্বাচনের প্রাক্কালে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কাছে প্রার্থী পরিবর্তনের আবেদন তৃণমূল নেতার।দুর্নীতি স্বজনপোষণ থেকে শুরু করে একাধিক বিস্ফোরক অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে। ঘটনা সামনে আসতেই অস্বস্তিতে তৃণমূল।সাফাই জেলা নেতৃত্বের।কটাক্ষ বিজেপির।শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বিগত এক বছরে হরিশ্চন্দ্রপুর বিধানসভায় বারবার প্রকাশ্যে এসেছে জেলা পরিষদ সদস্য বুলবুল খান এবং মন্ত্রী তাজমুল হোসেনের মধ্যে সংঘাত। দলের একটা বড় অংশ প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছে মন্ত্রীর ভূমিকায়। বিধানসভা নির্বাচনের প্রাক্কালেও সেই দ্বন্দ্ব মেটার বালায় নেই। এবার প্রার্থী পরিবর্তনের আবেদন করে মন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হলেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির তৃণমূলের বিরোধী দলনেতা তথা ব্লক তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর সেলের ব্লক সভাপতি মকরম আলী ওরফে স্বপন।
স্বপনের দাবি হরিশ্চন্দ্রপুর বিধানসভায় তৃণমূল জিতবে তবে সেটা প্রার্থীর উপর নির্ভর করবে। তাই তিনি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কাছে আবেদন করছেন যাতে প্রার্থী পরিবর্তন করা হয়। কারণ জেলা পরিষদ সদস্য বুলবুল খান, জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন থেকে শুরু একাধিক নেতৃত্ব তাজমুল হোসেনের সাথে নেই।
তার অভিযোগ তাজমুল হোসেন নিজের পরিবার ছাড়া কিছু বোঝেন না। কারো সঙ্গে আলোচনা করে কোন সিদ্ধান্ত নেন না। এলাকার জন্য কাজ করেন নি।পিএইচই থেকে শুরু করে নিজের মন্ত্রিত্বের দপ্তরে চাকরি দিয়েছেন শুধু পরিবারের লোকেদের। তাই দলের বড় অংশ এবং সাধারণ মানুষ তার বিরুদ্ধে ক্ষুব্ধ। যদিও এই নিয়ে মন্ত্রীর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিধানসভার প্রাক্কালে অস্বস্তি বেড়েছে শাসকদলের।গোষ্ঠীদ্বন্দ্বে নিজেরাই শেষ হবে। কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
