মালদা;তনুজ জৈন;জানুয়ারি: মালদহের হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় সাত দিন ধরে বন্ধ হয়ে রয়েছে পিএইচির পানীয় জল পরিষেবা। চরম শীতে পানীয় জল নিয়ে ভোগান্তিতে পড়েছে হরিশ্চন্দ্রপুর সদর এলাকার বাসিন্দারা। অথচ এই ব্যাপারে কোন নজর নেই স্থানীয় প্রশাসন এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের। অবিলম্বে পানীয় জল পরিষেবা ঠিক না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন এলাকার বাসিন্দারা। যদিও কবে পানীয় জল পরিষেবা স্বাভাবিক হবে এই নিয়ে কোন আশ্বাস দিতে পারেন নি পিএইচই দপ্তর।
স্থানীয় বাসিন্দা আশিস দাস জানান পরিশ্রুত পানীয় জল বন্ধ হয়ে গিয়েছে সাত দিন হল। শুনলাম পাইপ ফেটে গিয়েছে, ৪০ বছর পুরনো একটা ওয়াটার সাপ্লাই স্কিম ধুকে ধুকে চলছে। কিন্তু উদাসীন প্রশাসন। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে বিগত সাত দিন ধরে হরিশচন্দ্রপুর সদর এলাকায় পরিশোধিত পানীয় জল পরিসেবা বন্ধ হয়ে গিয়েছে। কারণ সদর এলাকায় স্টেট ব্যাংকের কাছে ভূগর্ভস্থ পাইপলাইন ফেটে গিয়েছে। ফলে বাইরের ময়লা জলের সঙ্গে মিশে যাচ্ছে তাই পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে হয়েছে।
