মালদা,১৫ ডিসেম্বর: ঘটা করে একমাস আগে উদ্বোধন করা হয় পথশ্রী প্রকল্পের ঢালাই রাস্তার। আর সে রাস্তার কাজও হয়েছিল তবে এক মাস যেতে না যেতেই বেহাল হয়ে পড়েছে সেই রাস্তা, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। নিম্নমানের কাজের অভিযোগ তোলা হয়েছে, ভেঙে যাচ্ছে রাস্তা, ধরেছে ফাটল। পুরোটাই দুর্নীতি হয়েছে বলে কটাক্ষ বিজেপির। সাফাই তৃণমূলের। তুঙ্গে রাজনৈতিক তরজা।
আবারো সেই পথশ্রী রাস্তার প্রকল্পের দুর্নীতির ছবি উঠে এলো। এবারে মালদহের মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের মোহনা এলাকায়। ওই এলাকার নিস্তার হাসপাতাল থেকে বাঙালগ্রাম প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৮১৭ মিটার রাস্তার কাজের জন্য প্রায় ৩৬ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। তবে পুরোটাই দুর্নীতি এবং কাটমানি হয়েছে বলে অভিযোগ। সে রাস্তার কাজের শিলান্যাস করা হয় এবং উদ্বোধন করেছিলেন বর্তমান তৃণমূলের জেলা পরিষদের সদস্য মালা রহমান। অভিযোগ উদ্বোধনের কয়েকদিন পরেই রাস্তাটি যেখানে সেখানে ফাটল ধরেছে, উঠে যাচ্ছে ঢালাই করা চিপস। রাস্তার দুই দিকে ঢালাইয়ের অংশ এতটাই ভঙ্গুর যে হাত দিয়ে টানলে উঠে আসছে স্টোন চিপস।
এই রাস্তার ব্যাপারে জেলা পরিষদের সদস্য মালা রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি মৌখিকভাবে জানিয়েছেন, রাস্তাটি নির্মিত হওয়ার পরেই বড় লরি ওই রাস্তা দিয়ে গিয়েছিল ফলে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ঠিকাদার সংস্থাকে বলার পরে ক্ষতিগ্রস্ত স্থানগুলি মেরামত করা হয়েছে।
যদিও বিজেপির জেলা সাধারণ সম্পাদক গৌড় চন্দ্র মন্ডলের অভিযোগ, ৩৬ লক্ষ টাকার ওই রাস্তা নির্মাণে দুর্নীতি হয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তাটি করা হয়েছে। এখানে তৃণমূলের একাংশের কাটমানির খেলা হয়েছে। নিম্নমানের কাজের অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি।
অন্যদিকে তৃণমূলের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অরূপ কুমার দাসের সাফাই, ওই কাজ নিয়ে স্থানীয় মানুষের তরফে অভিযোগ আগেই এসেছিল। নিম্নমানের কাজের অভিযোগের কথা শুনেছি। অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো।
