বালুরঘাট:- এক সপ্তাহেরও বেশি সময় ধরে খিদিরপুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লি বিকল হয়ে রয়েছে। যার ফলে বৈদ্যুতিক চুল্লিতে সৎকার পুরোপুরি বন্ধ রয়েছে। বৈদ্যুতিক চুল্লি খারাপ থাকার কারণে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। যদিও পুরসভার পক্ষ থেকে সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় তার জন্য বিকল্প হিসেবে খড়ির ব্যবস্থা রাখা রয়েছে। বৈদ্যুতিক চুল্লির চিমনি খারাপ থাকার কারণে ধোঁয়া উপরে না গিয়ে নীচে আসছে এবং গোটা এলাকায় ছড়িয়ে পড়ছে। দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে বালুরঘাট পুরসভার তরফে জানানো হয়েছে।
২০১৭ সালের মে মাসে বালুরঘাট পুরসভার তরফ থেকে শহরের খিদিরপুর শ্মশানে তৈরি করা হয় বৈদ্যুতিক চুল্লি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক বরাদ্দে চুল্লি তৈরি করা হয়। যার জন্য খরচ হয়েছিল ১ কোটি ৮১ লাখ ৫৭ হাজার ৫৭২ টাকা। বৈদ্যুতিক দুটি চুল্লি রয়েছে খিদিরপুর শ্মশানে। যার একটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে ছিল। যদিও কিছুদিন আগে সেটি ঠিক করা হয়েছে। তবে চালু হয়নি। এরই মধ্যে দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লির চিমনি বিকল হয়ে গেছে। যার ফলে সৎকারের সময় ধোঁয়া উপর না গিয়ে নীচে চলে আসছে। চিমনি দিয়ে ধোঁয়া না বেরিয়ে তা শ্মশান ও গোটা এলাকায় ছেয়ে যাচ্ছে। যার ফলে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। যা নিয়ে ক্ষোভ দেখা যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বিষয়টি জানতে পেরেই পুরসভার পক্ষ থেকে বৈদ্যুতিক চুল্লি আপাতত বন্ধ রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাঝেমধ্যেই বিকল হয়ে পড়ে খিদিরপুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লি। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবেই সমস্যা দেখা দেয়।
এদিকে, বিজেপির পক্ষ থেকে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবের পাশাপাশি পৌরসভার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।
