ইসলামপুর:- গোয়ালপোখর শুট আউটের ঘটনায় বাংলা-বিহার সীমান্তের চোপড়া থানার সোনাপুর এলাকা থেকে অভিযুক্ত নাজিস এহেসান ও রাজবাবুকে গ্রেফতার করে শুক্রবার ইসলামপুর আদালতে পাঠালো পুলিশ। আদালতে ঢোকানোর পথে সংবাদ মাধ্যমের কোনও প্রশ্নের অভিযুক্তরা উত্তর দেয়নি।
ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিপূর্বে গোয়ালপোখর শুট আউটের ঘটনায় ১১জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও মূল অভিযুক্ত জৈনগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান নাজিস এহেসান ও রাজবাবুর খোঁজে তল্লাশী চালাচ্ছিল পুলিশ। গতকাল বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে বাংলা-বিহার সীমান্তের চোপড়া থানার সোনাপুর এলাকা থেকে গোয়ালপোখর শুট আউটে অভিযুক্ত নাজিস এহেসান ও রাজবাবুকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি গোয়ালপোখরের মদিনা চক এলাকায় দু'পক্ষের সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল। গোয়ালপোখর ব্লকের জৈনগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান নাজিস এহসান ও তাঁর দলবলের বিরুদ্ধে পঞ্চায়েত সদস্য মহম্মদ খলিলের ভাইপো মহম্মদ আরিফকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছিল। গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছিল এক মহিলা সহ আরও তিনজন। গ্রাম পঞ্চায়েত প্রধান নাজিস এহেসান ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তাকে তৃনমূল কংগ্রেস থেকে বহিস্কার করার কথা ঘোষনা করেছিল গোয়ালপোখরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। পাশাপাশি দ্রুত অভিযুক্ত নাজিস এহেসানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন মন্ত্রী গোলাম রব্বানী।
