Type Here to Get Search Results !

রক-মেলোডির দুর্দান্ত যুগলবন্দি! অরিজিতের সঙ্গে নতুন গানের কথা ঘোষণা করলেন রূপম ইসলাম, উচ্ছসিত ভক্তরা

গত ১৮ই ফেব্রুয়ারি শহর কলকাতার সঙ্গীতপ্রেমী মানুষরা এক অপূর্ব মুহূর্তের সাক্ষী থেকেছে। সেইদিনই অরিজিৎ সিংয়ের (Arijit Singh) কলকাতা কনসার্ট আয়োজিত হয়েছিল। 'কেশরিয়া' গায়কের গান শোনার জন্য উপচে পড়েছিল শ্রোতাদের ভিড়। কিন্তু সেখানে আচমকাই 'বোনাস' হিসেবে দেখা মেলে রূপম ইসলামের (Rupam Islam)। অরিজিৎ গিটার বাজাচ্ছেন এবং রূপম গাইছেন। আর সেই দুর্লভ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ঘোরাফেরা করছে।

অরিজিতের কলকাতা কনসার্টে রূপম এবং তাঁর যুগলবন্দি (Arijit Singh Rupam Islam song) শোনার পর থেকেই তাঁদের একসঙ্গে দেখার ইচ্ছাপ্রকাশ করেছিলেন বহু সঙ্গীতপ্রেমী মানুষ। অবশেষে তাঁদের সেই 'আবদার' শুনে দুই তারকা বিশেষ ঘোষণা করলেন। অরিজিৎকে পাশে নিয়ে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেন রূপম। যা নিয়ে নেটপাড়ায় এখন জোর চর্চা চলছে।

রূপমের শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, গিটার হাতে সুর তুলেছেন অরিজিৎ। রূপম বলতে থাকেন, কয়েকদিন আগে অরিজিতের কলকাতা কনসার্টে তাঁরা দু’জন একসঙ্গে একটি গান গেয়েছিলেন। তাঁদের সেই যুগলবন্দি একেবারেই প্ল্যান করা ছিল না। কিন্তু এই মুহূর্তে তাঁরা যে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে সেটার প্ল্যানিং অনেকদিন ধরেই চলছে।

এরপরই রূপম বলেন, তাঁরা হয়তো ভবিষ্যতে একসঙ্গে কাজও করবেন। রুপম জানান, অনেকেই কনসার্টের পর তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছেন। 'গেরুয়া' গায়কের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ভাঙা গলাতেই তিনি বলে ওঠেন, 'অবশ্যই করব'। যা শুনে আবার রূপম ইয়ার্কি করে বলেন, তিনি ভেবেছিলেন গলা বসে যাওয়ায় অরিজিৎ হয়তো ঈশারাতেই সম্মতি জানাবেন।

এরপর গিটারে রূপমের একটি গানের সুর তোলেন অরিজিৎ। দু'লাইন গানও গেয়ে দেন রূপম। তবে আর নয়। ভিডিওটিকে দীর্ঘায়িত করা যাবে না। পরে কথা হবে বলে অনুরাগীদের বিদায় জানান দুই তারকা। আর ব্যস, তাতেই অরিজিৎ এবং রূপমের অনুরাগীদের উত্তেজনা আকাশ ছুঁয়েছে।

অরিজিৎ এবং রূপম দু'জনেই হলেন বাঙালির গর্ব। তাঁরা সঙ্গীতপ্রেমী মানুষদের মনের বড্ড কাছের। এই দুই গায়কের যুগলবন্দি শোনার ইচ্ছাও সবার অনেকদিনের। তবে এবার সেই আশাপূরণ হতে চলেছে। যদিও কবে এবং কীভাবে সেই আশা পূরণ হবে তা এখনও কারোর কাছে স্পষ্ট নয়। অগত্যা অপেক্ষা ছাড়া অনুরাগীদের সামনে আর কোনও রাস্তা খোলা নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side