আইপিএলের শুরুতেই বিরাট ধাক্কা চেন্নাই সুপার কিংসের। প্রথম দু’সপ্তাহ মাঠের বাইরে মহেন্দ্র সিং ধোনি। জানা গিয়েছে, কাফ মাসলে চোট লেগেছে মাহির। সিএসকে’র তরফ থেকে সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, ‘ধোনির রিহ্যাব চলছে। সম্ভবত প্রথম দু’সপ্তাহ খেলতে পারবে না। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো থালা।’
ধোনি কাফ মাসলে (পায়ের পেশি) চোট পেয়েছেন। চোট সারলেও খেলার মতো অবস্থায় নেই। অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার এখন রিহ্যাব করছেন। মনে করা হচ্ছে, সম্পূ্র্ণ ফিট হতে তাঁর দু’সপ্তাহ মতো সময় লাগতে পারে। আগামী ১১ এপ্রিল দিল্লি ক্যাপিটালস ম্যাচ পর্যন্ত তাঁর খেলার সম্ভাবনা নেই। সে ক্ষেত্রে প্রথম চারটি ম্যাচে ধোনিকে পাবে না চেন্নাই। নতুন কোনও সমস্যা না হলে আগামী ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম মাঠে নামতে পারেন সিএসকের প্রাক্তন অধিনায়ক। তাঁর চোট নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না স্টিফেন ফ্লেমিংয়েরা।
শুরু হচ্ছে আইপিএলের ১৯তম সংস্করণ। চেন্নাইয়ের প্রথম ম্যাচ ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। মনে করা হচ্ছে আইপিএলের অন্তত চারটি ম্যাচ ধোনিকে ছাড়াই নামতে হবে রুতুরাজ গায়কোয়ারদের। অর্থাৎ ১১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও তাঁকে দেখা যাবে না। ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তিনি ফের হলুদ জার্সিতে মাঠে নামতে পারেন।


