বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোট প্রশিক্ষণকে ঘিরে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পলিটেকনিক কলেজে। ‘নো ভোট, নো ডিউটি’ স্লোগান তুলে বিক্ষোভে সামিল হলেন একাধিক শিক্ষক ও ভোট কর্মী।
শনিবার ইসলামপুর পলিটেকনিক কলেজে আয়োজিত ভোট প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হয়ে অনেক শিক্ষক বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, এখনও অনেকের নাম সাপ্লিমেন্ট লিস্টে তোলা হয়নি, অথচ তাদের ভোটের ট্রেনিংয়ের জন্য ডাকা হয়েছে। এই পরিস্থিতিতে তারা প্রশিক্ষণে অংশ নিতে অস্বীকার করেন।বিক্ষোভরত শিক্ষকদের দাবি, আগে তাদের সকলের নাম সাপ্লিমেন্ট লিস্টে অন্তর্ভুক্ত করতে হবে। অথবা নির্বাচন কমিশনের কোনো দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এসে লিখিত বা স্পষ্ট আশ্বাস দিতে হবে যে সবার নাম সাপ্লিমেন্ট লিস্টে তোলা হবে। সেই আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা ভোটের প্রশিক্ষণ নেবেন না বলেই সাফ জানিয়ে দেন।এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুর পলিটেকনিক কলেজে ভোট প্রশিক্ষণ কেন্দ্রের সামনে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে।


