দিলদার আলী; কুশমণ্ডি: দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের আঙ্গারীবন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্যে ১ লক্ষ ২০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। অনুদান করেন এলাকার বাসিন্দা অশোক কুমার সরকার।
জানা গেছে, অশোক কুমার সরকারের পিতা কালিপদ সরকার অতীতে এই বিদ্যালয়ের জন্য ভূমি দান করেছিলেন। পিতার সেই অবদানের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের উদ্দেশ্যে কালিপদ সরকারের আবক্ষ মূর্তি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নেও এই অর্থ ব্যয় করা হবে।
অনুষ্ঠানের দিন বিদ্যালয়ের বর্তমান ১৮০ জন ছাত্রছাত্রীকে পরিচয়পত্র (আইডেন্টিটি কার্ড) প্রদান করা হয়। পরিচয়পত্র হাতে পেয়ে খুদে পড়ুয়াদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস ও আনন্দ। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
বিদ্যালয়ের উন্নয়নে স্থানীয় বাসিন্দারাও এগিয়ে এসেছেন বলে জানা গেছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিনারুল ইসলাম, রতন কুমার দাস, মহিম সরকার, চয়ন সরকার সহ আরও অনেকে।
বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অনুদানদাতা অশোক কুমার সরকারকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও সকলের সহযোগিতায় বিদ্যালয় আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়।
