শিলিগুড়ি:- শনিবার সকালে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। বন দপ্তর ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম দীলিপ রায়। সে পেশায় একজন রাজমিস্ত্রী। ঘটনায় আহত হয়েছে আরও এক ব্যক্তি। লোকালয়ে হাতি ঢুকে যাওয়ায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
বন দপ্তর সূত্রে জানা যায়, এদিন সকালে টুকুরিয়াঝার জঙ্গল থেকে শিলিগুড়ি সংলগ্ন আপার বাগডোগরার ভুজিয়াপানি গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায় ঢুকে পরে একটি দলছুট দাঁতাল। খাবারের খোঁজেই হাতিটি লোকালয়ে ঢুকে পরেছিল বলে প্রাথমিক অনুমান বন দপ্তরের।
![]() |
| বিজ্ঞাপন |
প্রথমে দাঁতালটি লোকালয়ে ঢুকে বেশ কয়েকটি বাড়িতে ভাংচুর চালায়। এরপর অলিগলি দিয়ে যাওয়ার সময় আচমকা হাতিটির সামনে চলে আসেন দিলীপ রায়। পালানোর পথ না পাওয়ায় হাতিটি ধরে ফেলে ব্যক্তিটিকে। এরপর পা দিয়ে পিষে মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দিলীপ রায়ের। এরপর হাতিটি সামনে চালক সহ একটি চারচাকা গাড়িতে আক্রমণ করে। দাঁত ঢুকিয়ে শুড় দিয়ে তুলে গাড়িটিকে আছাড় মারার চেষ্টা করে। ফলে গাড়িতে থাকা চালক আহত হন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা রেঞ্জের বন কর্মীরা। তারা পৌঁছে হাতিটিকে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করে। পাশাপাশি বাগডোগরা থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

