Type Here to Get Search Results !


 

রাজ্যপালের বিরুদ্ধে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ কর্মসূচি

রাজ্যপালের বিরুদ্ধে সোচ্চার হয়ে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ কর্মসূচি

ছবি:- আপনার নিউজ 

নদিয়া:- 
১১ ই সেপ্টেম্বর থেকে লাগাতারভাবে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদ বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এই সূত্রেই এদিন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচের তলায় প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী ও গবেষক জমায়েত হয়ে তৃণমূল ছাত্র পরিষদ ও রিসার্চ স্কলার ইউনিট যৌথভাবে রাজ্যের মনোনীত রাজ্যপালের স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভ শুরু হয় বেলা দুটোর সময় এবং শেষ হয় বিকেল চারটের সময়। এ দিনের বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাণাঘাট সাংগঠনিক জেলার সভাপতি সুদীপ দে ও সহ-সভাপতি আকাশ দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এছাড়া কল্যাণী শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অংকুর মজুমদার  এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ও রিসার্চ স্কলার ইউনিটের নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াসিন জামান, সুমিত নাথ, আশীষ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে, বিশ্ববিদ্যালয়গুলিকে সচল রাখতে এবং ছাত্র-ছাত্রীদের স্বার্থ রক্ষা করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বে রাজ্য ব্যাপী যে বিক্ষোভ কর্মসূচির সূচনা হয়েছিল সপ্তাহখানেক আগে তার আজ শেষ হলো। তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র-ছাত্রী ও গবেষকদের আওয়াজে কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বর সরগরম হয়ে ওঠে। রাজ্যপালের নিয়ম বহির্ভূতভাবে উপাচার্য নিয়োগের বিরুদ্ধে তারা তীব্র প্রতিবাদ জানায় এবং দাবী তুলে অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিলে রাজ্যপালকে স্বাক্ষর করতে হবে। 

তৃণমূল ছাত্র পরিষদের এই বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানায় ওয়েবকুপা কল্যাণী বিশ্ববিদ্যালয় ইউনিটের সদস্যরা। এদিন ওয়েবকুপার পক্ষ থেকে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি অধ্যাপক নন্দকুমার ঘোষ, সম্পাদক অধ্যাপক সুজয়কুমার মন্ডল,  সংগঠনের সদস্য অধ্যাপক শুভ্রতনু ভট্টাচার্য, ড. কালাচাঁদ মাহালী, ড. রবীন মান্ডি সহ অন্যান্য শিক্ষকেরা। এদের বিক্ষোভ কর্মসূচি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের রানাঘাট  সাংগঠনিক জেলার সভাপতি সুদীপ দে জানায়, আগামী দিনে আমরা রাজ্যপালের বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করবো। অন্যদিকে কল্যাণী বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে ইয়াসিন জামান বলেন, রাজ্যপালের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে আমরা সংঘটিতভাবে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে স্থায়ী উপাচার্য নিয়োগ করে কল্যাণী বিশ্ববিদ্যালয়কে দ্রুত সচল করতে হবে। ওয়েবকুপার পক্ষ থেকে অধ্যাপক সুজয়কুমার মন্ডল উল্লেখ করেন, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি  বর্তমানে ভীষণ সংকটে পড়েছে। নিয়ম বহির্ভূতভাবে রাজ্যপাল উপাচার্য নিয়োগ করে বিশ্ববিদ্যালয়গুলিকে প্রায় অচল করে তুলেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থা সচেতন ভাবে নষ্ট করা হচ্ছে। ছাত্র-ছাত্রী ও গবেষকদের স্বার্থ রক্ষার স্বার্থে এর দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন।  আমরাও সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় রয়েছি।

বিক্ষোভ কর্মসূচিতে ছাত্র-ছাত্রী ও গবেষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মত ছিল। মিছিল, স্লোগান, অবস্থান বিক্ষোভ ও বক্তৃতার মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side