ইসলামপুর:- বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবতীর দুই পা খোয়ানোর ঘটনায় ইসলামপুর থানার গাইসাল এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, ইসলামপুর থানার গাইসাল এলাকায় এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিল বিহারের কিশনগঞ্জ জেলার পাহারকাট্টা থানার সিতলপুর এলাকার বাসিন্দা ২০ বছর বয়সী শবনম।
বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে বুধবার সিতলপুর এলাকার নিজের বাড়িতে দাদা শাহাবুলের সাথে মোটর বাইকে চেপে ফিরছিলেন শবনম। পথে গাইসাল এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে আচমকাই মোটর থেকে পড়ে যায় শবনম। সেসময় পেছন থেকে আসা লড়ি শবনমের দুই পায়ের উপর দিয়ে চলে যায়।
তড়িঘড়ি স্থানীয়রা গুরুতর জখম শবনমকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আশঙ্কাজনক অবস্থায় শবনমকে চিকিৎসক শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছায়।
শবনমের পরিস্থিতি দেখে হাসপাতালেই পরিবারের সদস্যদের কান্নার রোল পড়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
