Type Here to Get Search Results !

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, নব-নির্বাচিত অঞ্চল সভাপতিকে সরানোর দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মী সমর্থকদের একাংশের


মালদা;তনুজ জৈন;২০ফেব্রুয়ারী:- একই অঞ্চলে দুইজন অঞ্চল সভাপতি করার পরেও থামতে চাইছে না তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, নব-নির্বাচিত অঞ্চল সভাপতিকে সরানোর দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মী সমর্থকদের একাংশের, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পদ দেওয়ার বিস্ফোরক অভিযোগ ব্লক সভাপতির বিরুদ্ধে, পাল্টা বিক্ষোভকারীদের দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন অঞ্চল সভাপতি, খোঁচা বিজেপির, অস্বস্তিতে তৃণমূল


একই ব্লকে দুইজন ব্লক সভাপতির পর এবার একই অঞ্চলে দুইজন অঞ্চল সভাপতি। তবুও যেন থামতে চাইছে না তৃণমূলের অভ্যন্তরীণ সংঘাত। নব-নির্বাচিত অঞ্চল সভাপতির বিরুদ্ধে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের একাংশের।

 ব্লক সভাপতির বিরুদ্ধে মোটা টাকার বিনিময়ে পদ দেওয়ার বিস্ফোরক অভিযোগ।বহিরাগত বলে কটাক্ষ।যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা বিক্ষোভকারীদের দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন নব-নির্বাচিত অঞ্চল সভাপতি। 

যদিও এই বিষয় নিয়ে মন্তব্য করতে চাননি ব্লক সভাপতি। প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। খোঁচা বিজেপির। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ফের অস্বস্তিতে শাসকদল। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত কুশিদা অঞ্চলকে দুই ভাগে ভাগ করে দুইজন অঞ্চল সভাপতি নির্বাচন করা হয়েছে। 

এক ভাগে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কুশিদা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মোঃ নূর আজম। অন্য ভাগের দায়িত্ব পেয়েছেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধক্ষ্যা শোভা দাসের স্বামী তৃণমূল নেতা সুধীর দাস। কিন্তু সুধীর দাসের নাম অঞ্চল সভাপতি হিসেবে ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েছেন ওই এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ।

কুশিদা অঞ্চলের গাড়রা এলাকায় টায়ার জ্বালিয়ে সুধীর দাসকে সরানোর দাবিতে বিক্ষোভ দেখান ওই এলাকার তৃণমূল নেতা-কর্মীরা। তারা জানান কোন মতেই তারা সুধীর দাস কে অঞ্চল সভাপতি হিসেবে মানবেন না।বিক্ষোভকারীদের অভিযোগ সুধীর দাসকে অঞ্চল সভাপতি করার বিষয়ে ব্লক নেতৃত্ব তাদের সঙ্গে কোন আলোচনা করেন নি। সুধীর দাসের আগে কংগ্রেস করতেন পরবর্তীতে স্বার্থ দেখে তৃণমূলে যোগদান করেন। তিনি বহু দুর্নীতির সঙ্গে জড়িত।

মানুষের কাছ থেকে ঘর দেওয়ার নাম করে কাটমানি নিয়েছেন।এবার প্রার্থী করার জন্য মোটা টাকা নেবেন। মাঠে ময়দানে সাধারণ মানুষের সঙ্গে কোনো যোগ নেই। তাই তাকে অঞ্চল সভাপতি করলে দলের প্রতিচ্ছবি নষ্ট হবে। দ্রুত অঞ্চল সভাপতি পরিবর্তনের দাবি জানান বিক্ষোভ কারীরা। সাথে তাদের বিস্ফোরক অভিযোগ হরিশ্চন্দ্রপুর ১( বি) ব্লক তৃণমূল সভাপতি মানিক দাস মোটা টাকার বিনিময়ে রাতের অন্ধকারে সুধীর দাস কে অঞ্চল সভাপতি করেছেন। 

যদিও অঞ্চল সভাপতি সুধীর দাসের পাল্টা দাবি মানুষ তাকে চাইছে তাই দল দায়িত্ব দিয়েছে। দুর্নীতির অভিযোগ বা টাকার বিনিময়ে সভাপতি করা সমস্তটাই ভিত্তিহীন। যারা বিক্ষোভ করছে তারা দুর্নীতির সঙ্গে জড়িত। ব্লক সভাপতি মানিক দাস এই বিষয় নিয়ে মন্তব্য করতে চাননি। অন্যদিকে একই ব্লকে দুইজন ব্লক সভাপতি একই অঞ্চলে দুইজন অঞ্চল সভাপতি করের পরেও গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে পারছে না তৃণমূল। এই ভাবেই নিজেদের মধ্যে এরা শেষ হবে খোঁচা বিজেপির। সমগ্র ঘটনায় অস্বস্তি বাড়ছে শাসকদলের।


বিক্ষোভকারী তৃণমূল কর্মী উপেন ঘোষ বলেন, আমরা সুধীর দাস কে অঞ্চল সভাপতি হিসেবে মানবো না। সে অনেক দুর্নীতির সঙ্গে জড়িত। আমাদের সঙ্গে আলোচনা করে দলকে অঞ্চল সভাপতি ঠিক করতে হবে।


বিক্ষোভকারী তৃণমূল কর্মী মোঃ আরিফ বলেন," দল যদি আমাদের দাবি না মানে তবে আমরা এবার নিজের মত করব। হয় ওরা দলে থাকবে না আমরা থাকবো। সুধীর দাস কে আমরা কোনভাবেই মেনে নেব না।


বিক্ষোভকারী তৃণমূল কর্মী আফসার হোসেন বলেন ব্লক সভাপতি টাকার বিনিময়ে এটা করেছে। এই ব্লক সভাপতি বহিরাগত। একে কেউ চিনে না।আমাদের দাবি একজন সৎ লোককে দায়িত্ব দিতে হবে।


নব-নির্বাচিত অঞ্চল সভাপতি সুধীর দাস বলেন, আমি দুর্নীতি বাজ কি না সেটা দল খতিয়ে দেখবে। মানুষ জবাব দেবে। আমি চার বারের জন-প্রতিনিধী।এরা চক্রান্ত করে এসব মিথ্যা অভিযোগ করছে।নিজেরাই দুর্নীতি করে এরা।


এটা কোন গোষ্ঠীদ্বন্দ্ব নয়, বলে সাফাই গেয়েছেন দলের জেলা কমিটির সদস্য শুভদীপ স্যান্যাল। তার সাফ কথা দল বড় হয়েছে। অন্যান্য দলে নেত্বত্য পাচ্ছে না। সেখানে তৃনমূলে যোগ্য নেতা উঠে আসছে। হরিশচন্দ্রপুরে যে সমস্যা তৈরি হয়েছে। এটা তৃনমূলের ঘরের বিষয়। সেটা দল বসে ঠিক করে নেবে।


জেলা বিজেপি কমিটি সদস্য কিষান কেডিয়া বলেন, একই ব্লকে দুইজন ব্লক সভাপতি করেছে। একই অঞ্চলে দুইজন অঞ্চল সভাপতি। এটা কোন রাজনৈতিক দল নয়। রাজনৈতিক দলের একটা গঠনতন্ত্র হয়। এখানে টাকার বিনিময়ে সব হয়। তাই একে অন্যকে দুর্নীতিবাজ বলছে। তৃণমূলের শেষের শুরু হয়ে গেছে।


প্রসঙ্গত হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক কে দুই ভাগে ভাগ করে দুই জন ব্লক সভাপতি নির্বাচিত করে বেনজির সিদ্ধান্ত নেয় তৃণমূল। তারপরে সেই ব্লকেরই কুশিদা অঞ্চলে এই বার দুইজন অঞ্চল সভাপতি।তারপরেও থামছে না গোষ্ঠীকোন্দল।একে অপরের বিরুদ্ধে তুলছে দুর্নীতির অভিযোগ।বিরোধীরা নয় এই মুহূর্তে অভ্যন্তরিণ সংঘাত তৃণমূলের পথে সব থেকে বড়ো কাঁটা। এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side