Type Here to Get Search Results !

বাতিল হচ্ছে না শো, পূর্ব নির্ধারিত দিনেই কলকাতায় হবে অরিজিৎ সিং-এর শো! শুধু বদলে যাচ্ছে জায়গা

গিটার হাতে সামনে পারফর্ম করছেন অরিজিৎ সিং (Arijit Singh), সঙ্গীতপ্রেমী মানুষদের আর কী চাই! কখনও তাঁর গলায় শোনা যাবে 'ঝুমে জো পাঠান', আবার কখনও 'বোঝেনা সে বোঝেনা' গেয়ে তিনি শ্রোতাদের মনে ঝড় তুলবেন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অরিজিৎ সিং কলকাতাতেই পারফর্ম (Arijit Singh Kolkata concert) করতে চলেছেন। প্রকাশ্যে এসে গেল ইকো পার্কের বদলে বেছে নেওয়া নতুন ভেন্যুর নাম।

গত কয়েক সপ্তাহ ধরে রাজ্য রাজনীতি উত্তাল অরিজিতের কনসার্ট নিয়ে। কিন্তু অবশেষে গায়কের অনুরাগীদের জন্য এল সুখবর। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল নতুন ভেন্যু। আগামী ১৮ ফেব্রুয়ারি সেখানেই পারফর্ম করবেন 'তুম হি হো', 'কেশরিয়া' খ্যাত এই নামী গায়ক।

কয়েক মাস আগেই ঘোষণা করা হয়েছিল অরিজিৎ আগামী ১৮ ফেব্রুয়ারি ইকো পার্কে কনসার্ট করবেন। কিন্তু গত মাসে আচমকাই জানা যায়, হিডকো কর্তৃপক্ষ ইকো পার্কে অরিজিতের কনসার্টের অনুমতি বাতিল করে দিয়েছে। শেষমুহূর্তে এমন পরিস্থিতির সম্মুখীন হওয়ায় আয়োজকদের কপালে হাত পড়ে। কারণ ততক্ষণে প্রায় সম্পূর্ণ কনসার্টের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এই কনসার্টে টিকিটের সর্বোচ্চ মূল্য ছিল ৫০ হাজার টাকা। অনুরাগীরা এত টাকা দিয়েও টিকিট কাটতেও পিছপা হননি।

সব কিছু ঠিক ছিল, কিন্তু এর মধ্যেই ইকো পার্কে কনসার্টের অনুমতি বাতিল করে দেওয়াতেই বিপত্তি বাঁধে। এরপর থেকেই আয়োজকরা বিকল্প ভেন্যুর খোঁজ করছিলেন। অবশেষে নতুন ভেন্যুর ঘোষণা করা হল।

অরিজিৎ সিংয়ের কনসার্টের আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারিতেই গায়কের কনসার্ট হবে। সেই অনুষ্ঠানটি রাজারহাটের ওয়াটার পার্ক অ্যাকোয়াটিকায় আয়োজন করা হবে। তবে শুধুমাত্র এই একটি সুখবরই নয়, রয়েছে আরও একটি মন ভালো করে দেওয়ার মতো খবর। এটিই হতে চলেছে গায়কের সবচেয়ে দীর্ঘ (সময়ের দিক থেকে) কনসার্ট। তিন ঘণ্টা ধরে তিনি গান গাইবেন।

প্রসঙ্গত, গত মাসে ইকো পার্কে অরিজিতের কনসার্ট বাতিল হওয়ার পর থেকেই উত্তাল ছিল রাজ্য রাজনীতি। বিরোধী দলের অভিযোগ ছিল, Kolkata International Film Fair Award -এর মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে অরিজিৎ 'রঙ দে তু মোহে গেরুয়া' গেয়েছেন বলেই তাঁর কনসার্ট বাতিল করা হয়। যদিও শাসকদল এই অভিযোগ উড়িয়ে দিয়েছিল।

ইকো পার্ক থেকে অরিজিতের কনসার্ট বাতিল করার কারণ হিসেবে হিডকোর তরফ থেকে বলা হয়েছিল, বড়মাপের বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করে এর আগে ইকো পার্কের প্রচুর ক্ষতি হয়েছে। অরিজিতের শো'য়েও দারুণ ভিড় হবে। ইকো পার্ক কর্তৃপক্ষ এবং প্রশাসনকে বাতি ঝুঁকি সামাল দিতে হবে। এই অবাঞ্ছিত পরিস্থিতি এড়ানোর জন্যই গায়কের কনসার্ট বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side