এবারের বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ, শুক্রবার বিকেলে ওই ইস্তেহার প্রকাশ করলেন। পাশে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে রাজ্যে আরও নতুন সাতটি জেলা ঘোষণা করা হবে। শুধু তাই নয়, সামগ্রিক ভৌগোলিক পুনর্গঠনের মাধ্যমে পুরসভার সংখ্যাও বাড়বে। সেই কথাও এদিন ইস্তেহারে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নিজেও সেই কথা জানিয়েছেন।
এবারে ইস্তেহারের নাম রাখা হয়েছে ‘প্রতিজ্ঞা’। বাংলায় আগামী দিনে ১০ লক্ষ কর্মসংস্থানের কথাও এদিন জানানো হয়েছে। ১০টি প্রতিজ্ঞার কথা এদিন ঘোষণা করেছেন নেত্রী।
শিক্ষা থেকে স্বাস্থ্য, আবাস থেকে পানীয় জল, কর্মসংস্থান থেকে নয়া জেলা- একাধিক বিষয়ে বড় বার্তা দেওয়া হল। আগামী দিনে রাজ্যে আরও ৭টি নতুন জেলা হবে। সেই কথা এবার ইস্তেহারে প্রকাশ করা হল। রাজ্যে সরকারি পরিষেবা উন্নত করতে, বর্তমান জেলা প্রশাসনের চাপ কমাতে এই সিদ্ধান্ত বলে খবর। কান্দি, বহরমপুর, বিষ্ণুপুর, সুন্দরবন, রানাঘাট, ইছামতি, বসিরহাট নতুন জেলা হবে বলে খবর।
এদিন দলনেত্রী বলেন, “এবার দুয়ারে চিকিৎসা করব। আগে দুয়ারে সরকার যে করেছি, তা চলবে। দুয়ারে শিবির হবে। দুয়ারে স্বাস্থ্য। স্বাস্থ্যসাথী আছে। এমপি ল্যাড থেকে ২৫০-৩০০ অ্যাম্বুল্যান্স দিয়েছে। পরে আরও দিয়েছি।” রাজ্যের শিক্ষাব্যবস্থার উপর আরও জোর দেওয়া হবে আগামী দিনে। এদিন তিনি বলেন, “কয়েক হাজার স্কুলের আধুনিকীকরণ হবে। ই-লার্নিং হবে। আধুনিক প্রযুক্তি থাকবে।শিক্ষার অধিকার বাংলার সবার।’’
বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি দেওয়া হবে সাধারণ মানুষকে। রাজ্যে কারও কাঁচাবাড়ি আগামী দিনে থাকবে না। যুবসাথী প্রকল্পে মাসে দেড় হাজার টাকা দেওয়া হচ্ছে। আগামী ৫ বছর ওই টাকা দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার কথাও জানানো হয়েছে। বয়স্ক, বিধবাভাতা যে সব বাকি আছে, সেসবও আগামী দিনে দেওয়া হবে। সেই কথা মমতা জানিয়েছেন। পরিশ্রুত পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ চলছে বাংলায়। আগামী দিনে সব বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে বলে ইস্তেহারে জানানো হয়েছে। সন্তানরা কাজে বাইরে রয়েছেন। বাড়িতে প্রবীণরা থাকেন। তাঁদের দিকেও নজর থাকবে সরকারের। সেই বিষয়ও ইস্তেহারে জানানো হয়েছে। এদিন সুপ্রিমো বলেন, “প্রবীণদের যত্ন। অনেক সময় তাঁদের সন্তানেরা বাইরে চলে যান। তাঁদের দেখার কেউ থাকেন না। তাই প্রবীণদের পাশে, যত্নের আশ্বাসে! এটাও আমাদের অঙ্গীকার।”


