Type Here to Get Search Results !


 

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড চোপড়ার ঘিরনীগাঁও, ক্ষতিগ্রস্ত বহু পরিবার


উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা শুক্রবার রাতের কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে বহু কাঁচা বাড়ি ভেঙে পড়েছে, বিভিন্ন স্থানে উপড়ে পড়েছে বড় বড় গাছ এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের খুঁটি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে হঠাৎ শুরু হয় প্রবল কালবৈশাখী ঝড়। মাত্র কয়েক মিনিটের এই ঝড়েই লণ্ডভণ্ড হয়ে যায় ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা। ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে বহু পরিবারের মাথার উপর থেকে উড়ে যায় ঘরের চাল, ভেঙে পড়ে কাঁচা বাড়ির দেওয়াল। আতঙ্কের ছাপ এখনও স্পষ্ট এলাকার বাসিন্দাদের মুখে।


শনিবার সকাল হতেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলি নিজেদের শেষ সম্বলটুকু রক্ষা করতে মরিয়া হয়ে পড়েন। কেউ ভাঙা বাড়ি মেরামতের চেষ্টা করছেন, কেউ বা ঝড়ে ক্ষতিগ্রস্ত আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উদ্ধার করতে ব্যস্ত।

ঘটনার খবর পেয়ে শনিবার সকাল থেকেই এলাকা পরিদর্শনে যান ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সকিমুল ইসলাম। তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন। উপপ্রধান জানান, বিষয়টি ইতিমধ্যেই ব্লক প্রশাসনের নজরে আনা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

কালবৈশাখীর এই আকস্মিক তাণ্ডবে এলাকাজুড়ে আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। এখন প্রশাসনিক সাহায্যের অপেক্ষায় রয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি।


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side