মালদা: কেন্দ্রীয় সরকারের চালক আইনের প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করল মালদার রতুয়ার চালকরা। শতাধিক চালক রতুয়া ব্লক মোড় এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে। পাশাপাশি বাহারাল স্ট্যান্ড এলাকাতেও কয়েক ঘন্টা অবরোধ করে চলতে থাকে বিক্ষোভ।
রতুয়া এলাকার বিভিন্ন ছোট বড় যানবাহন চালকের যে সংগঠন রয়েছে এ সংগঠনের সদস্যরা মঙ্গলবার সকাল থেকে পথে নামেন।চালকদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার চালকদের বিরুদ্ধে যে আইন আনতে চলেছে তাতে সমস্ত চালক সমস্যায় পড়বে।দুর্ঘটনা ঘটলে প্রাণ গেলে জেল জরিমানা ধার্য করা হচ্ছে। এ ধরনের আইন আসলে দেশ জুড়েই চালকরা সমস্যায় পড়বে। এমন অবস্থায় সেই আইনের বিরোধিতা করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অবরোধ বিক্ষোভ দেখাচ্ছেন চালকরা। কয়েক ঘন্টা ধরে চলা অবরোধ বিক্ষোভের জেরে রীতিমতো রতুয়া জুড়েই যানজটের সৃষ্টি হয়। এমন অবস্থায় রতুয়া থানার পুলিশ পদক্ষেপ গ্রহণ করে এবং পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। কেন্দ্রীয় সরকার এই ধরনের আইনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলবে এবং বৃহত্তর আন্দোলন হবে আগামীতে, এমনটাই জানাচ্ছেন যানবাহন চালকরা।
