মালদা: নতুন বছরের শুরুতেই বিষাদ। ভিন রাজ্যে কাজে গিয়ে ধারাবাহিক মৃত্যু মিছিল। ভিন রাজ্য নেপালে টাওয়ারের কাজে গিয়ে আবারো প্রাণ হারালো মালদার তরতাজা এক যুবক। নতুন বছরে যখন আনন্দ উল্লাসে মেতে উঠেছেন বাঙালি তখন গোটা গ্রাম জুড়ে কান্নার রোল এবং শোকের ছায়া মালদার ইংরেজবাজারের নঘরিয়ার খাস পাড়া এলাকায়। মৃত শ্রমিকের কফিন বন্দি দেহ আজ গ্রামে এসে পৌঁছাতেই গোটা গ্রাম জুড়ে শোকের আবহ নেমে আসে। কফিন বন্দী মৃত শ্রমিকের দেহ দেখতে ভিড় জমান শয়ে শয়ে গ্রামবাসী।
জানা গেছে মৃত শ্রমিকের নাম মুকেশ সাঁই। রাজ্যে কাজের অভাব এবং ১০০ দিনের কাজের টাকা বন্ধ থাকায় পরিবারের মুখে অন্ন তুলে দিতে ভিন রাজ্য নেপালে পাড়ি দিয়েছিল মুকেশ সাঁই গত দুই মাস আগে। বাড়িতে প্রতিবন্ধি বাবা, মা, বোন এবং এক ভাই রয়েছে। পরিবারের রোজগারের একমাত্র মুকেশ ছিলই। কিন্তু হঠাৎ করে তার মৃত্যুতে আকাশ ভেঙে পড়ার মত অবস্থা পরিবারের। টাওয়ারের কাজ করার সময় গত ৩১ ডিসেম্বর পড়ে গিয়ে মৃত্যু হয় তার। আজ সকালে তার কফিন বন্দি দেহ গ্রামে এসে পৌঁছায়। গ্রামবাসীদের অভিযোগ এই রাজ্যে কাজ নেই এবং ১০০ দিনের কাজের টাকা বন্ধ থাকায় ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন বেকার যুবকরা। অন্যদিকে এই বিষয়ে ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহিদুল শেখ জানান ১০০ দিনের কাজের টাকা বন্ধ থাকাই বেকার যুবকরা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। তবে মৃত শ্রমিকের পরিবারের পাশে আমাদের সরকার রয়েছে। আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং সরকারি সাহায্যে ব্যবস্থা করা হবে আগামীতে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
