দুর্নীতিগ্রস্ত এবং খুনের দায়ে অভিযুক্তদের টাকার বিনিময়ে প্রার্থী করেছে জেলা সভাপতি এবং প্রতিমন্ত্রী, কংগ্রেসের যোগ দিয়ে বিস্ফোরক অভিযোগ বিদায়ী জেলা পরিষদ সদস্যার, গুরুত্ব দিতে নারাজ তৃণমূল, শোরগোল রাজনৈতিক মহলে
মালদা: তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক ব্যানার্জি নবজোয়ার যাত্রায় এসে নির্দেশ দিয়েছিলেন বুথের কর্মীদের গুরুত্ব দিতে হবে।স্বচ্ছ ভাবমূর্তির লোকেদের প্রার্থী করতে হবে।কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ার পর ক্রমশ ভাঙন ধরছে তৃণমূলের অন্দরে।নেতা থেকে শুরু করে কর্মীরা দল ছাড়ার হিড়িক পড়ে গেছে শাসক শিবিরে। টাকার বিনিময়ে টিকিট বিক্রির একাধিক অভিযোগ উঠছে নেতৃত্বের বিরুদ্ধে। এবার মালদার হরিশ্চন্দ্রপুরে বড়োসড় ভাঙন তৃণমূলে। তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বক্সী এবং হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের বিরুদ্ধে টাকার বিনিময়ে দুর্নীতি-গ্রস্ত এবং খুনের দায়ে অভিযুক্তদের প্রার্থী করার বিস্ফোরক অভিযোগ তুলে দলত্যাগ করলেন মালদা জেলা পরিষদের বিদায়ী সদস্যা মমতাজ বেগম, তার স্বামী তথা তৃণমূল নেতা আমিনুল হক, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বিদায়ী বন ও ভূমি কর্মাধক্ষ্য আদিত্য মিশ্র সহ প্রায় দুই শতাধিক তৃণমূল কর্মী।যোগদানকারীদের অভিযোগ মন্ত্রী রহিম বক্সী এবং বিধায়ক তথা প্রতিমন্ত্রী তাজমুল হোসেন টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছেন। তৃণমূল কর্মী উজ্জ্বল দাস খুনের ঘটনায় যারা অভিযুক্ত তাদেরকে প্রার্থী করেছেন। তাই তারা দল ছেড়ে কংগ্রেসে যোগদান করলে। প্রদেশ কংগ্রেসের সম্পাদক মোস্তাক আলমের নেতৃত্বে হয় এই যোগদান কর্মসূচি।যদিও এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।তৃণমূলের দাবি তারা দলের সব সুযোগ সুবিধা নিয়ে আজ দলকে বদনাম করছে।সমগ্র ঘটনা নিয়ে শোরগোল পড়ে গেছে জেলা রাজনৈতিক মহলে।
যোগদানকারী বিদায়ী জেলা পরিষদ সদস্যা মমতাজ বিবি বলেন, আমরা দলটা ভালোবেসে করেছি। কিন্তু এখানকার বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেন দল শেষ করে দিলেন। টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছেন।
তৃণমূল নেতা আমিনুল হক বলেন, যারা তৃণমূল কর্মী খুনের দায়ে অভিযুক্ত তাদেরকেই প্রার্থী করছে। দলে একনায়ক তন্ত্র এবং দুর্নীতি চলছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করে আজ কংগ্রেসে যোগ দিলাম।
আদিত্য মিশ্র জানান, দলের মধ্যে লুঠতরাজ এবং মাফিয়া রাজ চলছে। এই বছর তৃণমূলের ফলাফল খুব খারাপ হবে।
প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মোস্তাক আলম বলেন," আজ তৃণমূল থেকে নেতৃত্ব সহ প্রায় ২০০ কর্মী কংগ্রেসের যোগ দিয়েছে। মানুষ তৃণমূলের প্রতি বিতশ্রদ্ধ। তৃণমূল এবার ভোট লুট করতে এলে মানুষ জবাব দেবে।


